বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
Published : ১২:৪১, ১১ জুন ২০২৬
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ডাকটিকিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সঙ্গে ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত একটি স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে বিশ্বকাপ উপলক্ষে বিশেষ স্মারক সিলমোহরও ব্যবহার করা হয়, যা ডাক বিভাগের সংগ্রহযোগ্য প্রকাশনার অংশ হিসেবে বিবেচিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনর রশিদ।
বিশ্বকাপ ফুটবল ২০২৬ উদযাপন উপলক্ষে ডাক বিভাগের এই বিশেষ উদ্যোগ ক্রীড়াপ্রেমী ও ডাকটিকিট সংগ্রাহকদের কাছে নতুন আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।



































