এমআইএসটি গ্র্যাজুয়েশন নাইটে শিক্ষামন্ত্রীকে কাঁধে তুলে উচ্ছ্বাস, ভিডিও ভাইরাল
Published : ১৭:০৫, ১১ জুন ২০২৬
ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর গ্র্যাজুয়েশন নাইট ২০২৬ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে ঘিরে ব্যতিক্রমী উচ্ছ্বাস প্রকাশ করেছেন সদ্য স্নাতক শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে মন্ত্রীর প্রাণবন্ত অংশগ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার (১০ জুন) রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানের এক পর্যায়ে গ্র্যাজুয়েটরা আনন্দ-উল্লাসের অংশ হিসেবে তাকে কাঁধে তুলে ধরেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় শিক্ষামন্ত্রীকে হাস্যোজ্জ্বল ও স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটাতে দেখা যায়।
শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটির মন্তব্য ঘরে অনেকেই শিক্ষার্থীদের প্রাণবন্ত আয়োজনের প্রশংসা করেন এবং শিক্ষামন্ত্রীর জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থার উন্নয়ন, আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর রূপান্তরে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রশাসনিক জটিলতা কমিয়ে শিক্ষাক্ষেত্রকে আরও কার্যকর, সময়োপযোগী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করার জন্য বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। তরুণদের মেধা, উদ্ভাবনী শক্তি এবং প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নযাত্রায় তরুণ প্রজন্মকে নেতৃত্বের ভূমিকায় দেখতে চায় সরকার এবং সেই লক্ষ্যেই শিক্ষা খাতে ধারাবাহিক বিনিয়োগ ও সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে।



































