প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
Published : ১৮:৫২, ২৬ জুন ২০২৬
চার দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। এ সময় তারা লালগালিচা অতিক্রম করে বিমানে আরোহন করেন।
এর আগে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে গত সোমবার রাতে চীনের দালিয়ান শহরে পৌঁছান। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নেন।
পরে বুধবার দালিয়ান থেকে হাইস্পিড (বুলেট) ট্রেনে বেইজিংয়ে যান প্রধানমন্ত্রী। সফরকালে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ ছাড়া বেইজিংয়ে আয়োজিত একটি বিনিয়োগ সম্মেলনেও অংশ নেন প্রধানমন্ত্রী। সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
উল্লেখ্য, গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানকার কর্মসূচি শেষ করে তিনি চীন সফরে অংশ নেন।
































