সমৃদ্ধ, স্বনির্ভর ও সুস্থ জাতি গঠনে মাদকমুক্ত সমাজের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সমৃদ্ধ, স্বনির্ভর ও সুস্থ জাতি গঠনে মাদকমুক্ত সমাজের বিকল্প নেই: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১১, ২৫ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও সুস্থ জাতি গঠনের জন্য মাদকমুক্ত সমাজ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি জানান, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কঠোর আইনগত ব্যবস্থা এবং ব্যাপক সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারি ও বেসরকারি পর্যায়ের মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলো মাদকাসক্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছে। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড এবং মাঠ প্রশাসন সমন্বিতভাবে মাদক প্রতিরোধে দায়িত্ব পালন করছে।

প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে মাদকের বিস্তার পুরোপুরি রোধ করা সম্ভব নয়। এজন্য অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, শিক্ষার্থী, চিকিৎসক, সমাজকর্মী, বেসরকারি সংস্থা, সুশীল সমাজ ও গণমাধ্যমের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার এখন বৈশ্বিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে, যা জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে।

বাংলাদেশ বর্তমানে জনমিতিক লভ্যাংশের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের বৃহৎ যুব জনগোষ্ঠী অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হতে পারে। তবে অবৈধ মাদকের বিস্তার এই সম্ভাবনাময় ভবিষ্যতের জন্য গুরুতর হুমকি।

তিনি বলেন, মানসম্মত শিক্ষা, প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, নিরাপদ কর্মসংস্থান এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে তরুণদের উৎপাদনশীল শক্তিতে রূপান্তর করা সম্ভব। এজন্য তাদের মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার থেকে দূরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।

শেয়ার করুনঃ
Advertisement