জাপানের কাছে দক্ষ জনশক্তি নিয়োগ ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

জাপানের কাছে দক্ষ জনশক্তি নিয়োগ ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩১, ২৮ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে জাপানের আরও সক্রিয় ভূমিকা কামনা করেছেন। একই সঙ্গে জাপানি ভাষায় প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশি স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও গাড়িচালক নিয়োগে উদ্যোগ নেওয়ার জন্য জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিষ্ঠিত জাপানিজ ইকোনমিক জোনের মতো আরও একটি শিল্প পার্ক স্থাপনে জাপান আগ্রহী হলে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।

এ সময় বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

বৈঠকে দেশের চলমান অবকাঠামো উন্নয়ন নিয়েও আলোচনা হয়। আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন এবং ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) প্রকল্পের অগ্রগতিসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষ।

বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

জাপানের পক্ষে দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিমান চলাচলবিষয়ক সহকারী ভাইস মিনিস্টার নাকায়ামা রিয়েকো, জাপানের সিভিল এভিয়েশন ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বৈঠকে অংশ নেন।

শেয়ার করুনঃ
Advertisement