মিরপুরে টিসিবির লাইনে অপেক্ষমাণ মানুষের ওপর দেয়াল ধস, নিহত ২
Published : ১৮:১২, ২৮ জুলাই ২০২৬
রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর একটি পুরোনো দেয়াল ধসে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের অংশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও স্বল্পমূল্যে টিসিবির নিত্যপণ্য কিনতে কলেজের পেছনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন সাধারণ মানুষ। দুপুর দেড়টার দিকে হঠাৎ কলেজের পুরোনো একটি দেয়াল ভেঙে লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই কয়েকজন দেয়ালের নিচে চাপা পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে আহত আটজনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে পঙ্গু হাসপাতালে নাসিমা বেগম নামে এক নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক পুরুষের মৃত্যু হয়।
ওসি হাফিজুর রহমান জানান, আহতদের মধ্যে একজন নারীর অবস্থা আশঙ্কাজনক। অন্য আহতদেরও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার কারণ এবং দেয়াল ধসের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


































