সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি
Published : ১৭:২৬, ২৮ জুলাই ২০২৬
বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। অনুসারীর সংখ্যায় দেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানকে পেছনে ফেলে তিনি বাংলাদেশের তারকাদের মধ্যে শীর্ষ অবস্থানে উঠে এসেছেন।
সোমবার (২৮ জুলাই) পর্যন্ত দুই তারকার অফিসিয়াল ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, পরীমনির অনুসারী সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭০ লাখ (১৭ মিলিয়ন)। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী সংখ্যা ১ কোটি ৬০ লাখ (১৬ মিলিয়ন)। ফলে প্রায় ১০ লাখ অনুসারীর ব্যবধানে এগিয়ে রয়েছেন এই চিত্রনায়িকা।
দীর্ঘ সময় ধরে বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড ছিল সাকিব আল হাসানের দখলে। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স এবং বৈশ্বিক পরিচিতির কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
গত বছরও পরীমনি ও সাকিবের অনুসারীর সংখ্যায় হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা দেখা যায়। সময়ভেদে কখনো সাকিব, আবার কখনো পরীমনি এগিয়ে ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে পরীমনির অনুসারী দ্রুত বাড়ায় তিনি স্পষ্ট ব্যবধানে শীর্ষস্থান দখল করেছেন।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন, চলচ্চিত্র সংশ্লিষ্ট আপডেট, সামাজিক কর্মকাণ্ড এবং নিয়মিত ফেসবুকে সক্রিয় উপস্থিতির কারণে পরীমনি ভক্তদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন। সম্প্রতি ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে তার বিভিন্ন পোস্টও সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, যা অনুসারী বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
ফেসবুকে এই অর্জনের মাধ্যমে বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে নতুন একটি রেকর্ড গড়লেন পরীমনি।

































