দুই সন্তানকে নিয়ে নতুন গানে ফিরলেন ইসফাতারা রনি
Published : ০০:১৬, ২৯ জুলাই ২০২৬
দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী ইসফাতারা রনি। ‘লক্ষ্মী সোনামণি’ শিরোনামের এই গানটিতে বাবা-মায়ের জীবনে সন্তানের আগমন, পারিবারিক ভালোবাসা এবং আবেগঘন সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে।
গানটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, মিউজিক ভিডিওতে শিল্পীর সঙ্গে অংশ নিয়েছেন তাঁর দুই সন্তান রিদওয়া কায়সার রুহা এবং রাইয়ান কায়সার রুহান। বাস্তব জীবনের মা-সন্তানের আন্তরিক মুহূর্তগুলোই ভিডিওটিকে দিয়েছে এক অনন্য আবেগময় আবেদন।
‘রনি’স টিউন’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। সুর ও সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ শুভ, আর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এ. কে. রানা।
গানটির গল্পে ফুটে উঠেছে একটি পরিবারের নতুন সদস্যকে ঘিরে আনন্দ, শিশুর নিষ্পাপ উপস্থিতি এবং বাবা-মায়ের নিঃস্বার্থ ভালোবাসার অনুভূতি। অভিনয় নয়, বরং বাস্তব জীবনের সম্পর্কের উষ্ণতাই মিউজিক ভিডিওটির মূল আকর্ষণ হয়ে উঠেছে।
নতুন গান প্রসঙ্গে ইসফাতারা রনি বলেন, “‘লক্ষ্মী সোনামণি’ মূলত সন্তানকে ঘিরে একজন বাবা-মায়ের জীবনের আনন্দ, ভালোবাসা ও আবেগের গল্প। সহজ ভাষা ও হৃদয়ছোঁয়া সুরে গানটি তৈরি করা হয়েছে। আমি বিশ্বাস করি, অনেক বাবা-মা এই গানে নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন।”
সংশ্লিষ্টদের প্রত্যাশা, পরিবার, সন্তান এবং নিঃস্বার্থ ভালোবাসার বার্তা বহনকারী ‘লক্ষ্মী সোনামণি’ সব বয়সী শ্রোতার হৃদয় ছুঁয়ে যাবে এবং পারিবারিক আবেগকে নতুনভাবে অনুভব করার সুযোগ করে দেবে।

































