ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
Published : ০১:২২, ৮ আগস্ট ২০২৬
সমুদ্রসম্পদ ও সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে পারবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।
শুক্রবার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে। জেলার বিপুল পর্যটন সম্ভাবনাকে পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখা সম্ভব।
তিনি বলেন, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ করে পর্যটন উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করতে হবে। শুধু উঁচু ভবন নির্মাণ করলেই পর্যটনের উন্নয়ন হবে না। কক্সবাজারের দীর্ঘ সমুদ্রসৈকতজুড়ে পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন কার্যক্রম গড়ে তুলতে হবে।
বিশ্বের পর্যটকদের কাছে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে আরও বেশি ভ্রমণপিপাসু মানুষকে আকৃষ্ট করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, কক্সবাজারকে কেন্দ্র করে উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার সুযোগ সম্প্রসারণে সরকার একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এটি বাস্তবায়িত হলে সামুদ্রিক শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে নতুন সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানের পর স্বরাষ্ট্রমন্ত্রী ৫০০ শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিনসহ জেলা প্রশাসন, কউক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






























