চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সিলেটে সংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৪৫, ৬ আগস্ট ২০২৬

 চলতি ২০২৬-২৭ অর্থবছরের (৩০ জুন ২০২৭-এর মধ্যে) স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচন চলতি অর্থবছরের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, আগস্ট মাসের পর স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথ বৈঠকে বসে কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, তার বিরুদ্ধে আদালতের রায় রয়েছে। ফলে দেশে ফিরলে তাকে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে।

এ সময় প্রতিমন্ত্রী সিলেট সিটি করপোরেশনের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনা এবং খাল পুনরুদ্ধারে সিসিক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। অন্যান্য সিটি করপোরেশনের তুলনায় সিলেট অনেক বেশি পরিচ্ছন্ন উল্লেখ করে তিনি এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সিসিকের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন ঘুরে দেখেন এবং দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট স্থাপনের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. রবিউল ইসলাম, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরামর্শক মো. শাহীন আহমেদ খান, সিসিকের সচিব মো. আশিক নূর, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো. একরামুল হক, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement