টাঙ্গাইলে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস
Published : ২৩:০৪, ৬ আগস্ট ২০২৬
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে ১৩০টি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ৬৫০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার ফুলকি ইউনিয়নের নুন্দা বিল ও বাদিয়াজান প্লাবনভূমিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ জানান, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও মৎস্যসম্পদ রক্ষার লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে মোট ১৩০টি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ৬৫০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মোট দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৬০০ মিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জনসম্মুখে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম, বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গ্রাম পুলিশ, ফুলকি ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।































