ঢাবি নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি

ঢাবি নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

Published : ১৯:৫২, ৭ আগস্ট ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে অবমাননাকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের অভিযোগে এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তার কাছে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী তন্ময় কুমার সাহা শনিবার (৪ জুলাই) এ লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে ব্যারিস্টার ফুয়াদের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবহিত করা হয়েছে।

লিগ্যাল নোটিশে অভিযোগ করা হয়, ব্যারিস্টার ফুয়াদের কিছু বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহাসিক ঐতিহ্য, সুনাম ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এসব বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে মানসিক কষ্ট ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরও দাবি করা হয়েছে, ব্যারিস্টার ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত ৫০ থেকে ৭০ বছরের স্নাতকদের জাতীয় পর্যায়ে অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তাদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অনুষদ সদস্যদের নিয়েও তিনি বিদ্বেষপূর্ণ, বিভাজনমূলক ও অসম্মানজনক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

নোটিশে বলা হয়, এসব বক্তব্য দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন করেছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষতির মুখে পড়েছে।

এ কারণে দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিলে জমা দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তবে লিগ্যাল নোটিশে উত্থাপিত অভিযোগের বিষয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement