বাংলাদেশে মিশরের বিনিয়োগ বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

বাংলাদেশে মিশরের বিনিয়োগ বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৫২, ১০ আগস্ট ২০২৬

বাংলাদেশ ও মিশরের মধ্যে শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে শিল্প খাতে বিনিয়োগ সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, প্রযুক্তি ও দক্ষতা বিনিময় এবং যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মিশরের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে কাজে লাগিয়ে শিল্প ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে শিল্প ও বিনিয়োগ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন শিল্প খাতে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। মিশরের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করলে উভয় দেশই লাভবান হবে।

চামড়া, হালকা প্রকৌশল, ওষুধ, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন খাতে দুই দেশের যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে বলেও জানান মন্ত্রী। পারস্পরিক অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে এসব খাত আরও সমৃদ্ধ করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

মিশরের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে মিশরের উদ্যোক্তারা নতুন বাজারের সুযোগ পাওয়ার পাশাপাশি দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান সম্প্রসারণেও ভূমিকা রাখতে পারবেন।

সাক্ষাতে মিশরের রাষ্ট্রদূত দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন।

তিনি শিল্প ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, দুই দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা গেলে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণ করা সম্ভব।

সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও মিশরের মধ্যে শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ
Advertisement