ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন সাবেক আইআরজিসি প্রধান মোহসেন রেজাই

ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন সাবেক আইআরজিসি প্রধান মোহসেন রেজাই ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৫৮, ১০ আগস্ট ২০২৬

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)-এর সাবেক প্রধান মোহসেন রেজাই।

রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জুলঘাদর পদত্যাগ করে নতুন দায়িত্ব নেওয়ার পর মোহসেন রেজাইকে ওই পদে নিয়োগ দেওয়া হয়।

৭১ বছর বয়সী মোহসেন রেজাই ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত প্রায় ১৬ বছর আইআরজিসির নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বের বড় একটি সময় ইরান-ইরাক যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিল। পরবর্তী সময়ে তিনি ইরান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে রেজাইয়ের নতুন নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গত জুলাইয়ে তিনি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরে মন্তব্য করেছিলেন, এ প্রণালির নিয়ন্ত্রণ ‘ডজনখানেক পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ’।

রেজাইয়ের আগে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ বাঘের জুলঘাদর। তিনিও আইআরজিসির সাবেক কমান্ডার এবং গত মার্চে কাউন্সিলের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

রোববার ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, জুলঘাদর এখন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুনঃ
Advertisement