ইউক্রেনে রুশ হামলায় নিহত ২, রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৩
Published : ১৫:০৩, ১০ আগস্ট ২০২৬
ইউক্রেনজুড়ে রুশ বাহিনীর সাম্প্রতিক হামলায় অন্তত দুইজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। একই সময়ে রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাত থেকে রোববার পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলায় আবাসিক ভবন, বিদ্যুৎ অবকাঠামো, বন্দর ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, চলতি সপ্তাহে ইউক্রেন লক্ষ্য করে রাশিয়া বিভিন্ন ধরনের ৬১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনের জন্য অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
জেলেনস্কির দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রুশ ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন। হামলায় একটি আবাসিক ভবনের চারটি তলা ক্ষতিগ্রস্ত হয়। আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেগুবভ জানিয়েছেন, ওই হামলায় আরও ২৩ জন আহত হয়েছেন।
এ ছাড়া ওডেসায় রাতের হামলায় আটজন আহত হয়েছেন। হামলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, বন্দর ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহরাদে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলায় নয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু রয়েছে।
ডব্লিউএইচওর গুদাম ধ্বংস
ইউক্রেনের দনিপ্রো শহরে চিকিৎসাসামগ্রী রাখা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি গুদাম হামলায় ধ্বংস হয়েছে। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস এ ঘটনায় নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, স্বাস্থ্যসেবার ওপর হামলা বন্ধ করা জরুরি। যুদ্ধের মধ্যেও স্বাস্থ্যসেবা সুরক্ষিত রাখার নিয়ম রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা
অন্যদিকে, রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুভায়েভ। তাঁর দাবি, হামলায় চার ও নয় বছর বয়সী দুই শিশুসহ ২৫ জন আহত হয়েছেন।
হামলার পর কয়েকটি যানবাহন, দুটি অ্যাপার্টমেন্ট ভবন ও একটি বাড়িতে আগুন ধরে যায় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে, রাশিয়ার সেনাবাহিনী দাবি করেছে, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের দুটি ছোট গ্রাম দখল করেছে। তবে রুশ বাহিনীর এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
দুই পক্ষের পাল্টাপাল্টি দূরপাল্লার হামলার ফলে বেসামরিক হতাহতের ঘটনা বাড়ছে। এ ধরনের হামলায় বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ অব্যাহত রয়েছে।

































