তারেক-মোদি বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার

তারেক-মোদি বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:১৯, ৯ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনা হলে দুই দেশের অনেক সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।


রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভেক) শিশুদের খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


দীনেশ ত্রিবেদী বলেন, “আমার মনে হচ্ছে, যদি দুই নেতার (প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি।”
তিনি আরও বলেন, দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক রয়েছে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। এ বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে। সমাধান হবে। এখানটায় কোনো নেতিবাচক জিনিস নেই। সব ইতিবাচক।”


এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে আগামীকাল সোমবার। ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর এটিই হবে প্রথম সাক্ষাৎ।


সোমবারের সাক্ষাৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি অনেকবার তার বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি।”

শেয়ার করুনঃ
Advertisement