কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে ছবি: পিএমও

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:১৮, ১৬ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর গুলশানের বাসা থেকে তিনি যাত্রা শুরু করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কিশোরগঞ্জে এটি তারেক রহমানের প্রথম সফর।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

দুপুর সাড়ে ১২টায় তিনি কটিয়াদী কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও জাতীয় মৎস্য পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

এরপর দুপুর আড়াইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সফরসূচির শেষ পর্যায়ে বিকেল ৩টা ১৫ মিনিটে সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু ও পাদরিসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

শেয়ার করুনঃ
Advertisement