ছয় মাসে সরকারের প্রতি অভূতপূর্ব জনসমর্থন: মাহদী আমিন

ছয় মাসে সরকারের প্রতি অভূতপূর্ব জনসমর্থন: মাহদী আমিন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন। ছবি: সংংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪৫, ১৭ আগস্ট ২০২৬

গত ছয় মাসে সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব সমর্থন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, গণসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রী দেশজুড়ে যেখানেই গেছেন, সেখানেই মানুষের ব্যাপক উপস্থিতি সরকারের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে আয়োজিত এক বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত সভায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাহদী আমিন বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসকে ধারণ করেই বর্তমান সরকার দায়িত্ব ও দায়বদ্ধতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। গত ছয় মাসে সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা।

তিনি আরও বলেন, সরকারের প্রতিটি কার্যক্রমে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement