মুসলিম প্রবীণের জানাজায় সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

মুসলিম প্রবীণের জানাজায় সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি

Published : ১২:৪৪, ১৯ আগস্ট ২০২৬

মসজিদের ভেতরে চলছে জানাজার নামাজ। বাইরে নীরবে দাঁড়িয়ে কয়েকজন সনাতন ধর্মাবলম্বী। কারও চোখে অশ্রু, কারও মুখে শোকের ছাপ। রক্তের সম্পর্ক না থাকলেও প্রয়াত ব্যক্তির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা তাদের টেনে এনেছে শেষ বিদায়ের আয়োজনে

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার কলামহলা দরগাহ জামে মসজিদে দেখা যায় এমন দৃশ্য।

মুসলিম প্রবীণ ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহমানের (৯৫) জানাজায় সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি স্থানীয় মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের এক মানবিক দৃষ্টান্ত তৈরি করেছে।

আব্দুর রহমান কটিয়াদী পৌর এলাকার পূর্বপাড়া মহল্লার বাসিন্দা। বার্ধক্যজনিত কারণে সোমবার রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুসলমানদের পাশাপাশি শোকাহত হন দীর্ঘদিনের সনাতন ধর্মাবলম্বী পরিচিতজন ও প্রতিবেশীরাও।

স্থানীয়রা জানান, আব্দুর রহমান দীর্ঘদিন কলামহলা দরগাহ জামে মসজিদের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। ব্যবসার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডেও তার সক্রিয় ভূমিকা ছিল। এলাকার মানুষের সঙ্গে তার ছিল দীর্ঘদিনের সুসম্পর্ক।

মঙ্গলবার দুপুরে জোহরের নামাজের পর হাজারো মানুষের অংশগ্রহণে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মসজিদের পাশের সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার সময় মসজিদের পেছনের মাঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান পৌর এলাকার শিক্ষক ইন্দ্রজিত কুমার সাহা, সুজিত কুমার সাহা, মধুসূদন সাহা ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিপ্লব কুমার সাহা বিপদসহ কয়েকজন সনাতন ধর্মাবলম্বী।

শিক্ষক ইন্দ্রজিত কুমার সাহা বলেন, আব্দুর রহমান এলাকার প্রবীণ ব্যবসায়ী ছিলেন। তার প্রয়াত বাবার সঙ্গে আব্দুর রহমানের গভীর সম্পর্ক ছিল। মৃত্যুর খবর পেয়ে অন্যদের মতো তারাও শোকাহত হয়েছেন। তাই শেষ বিদায়ের সময়ে শ্রদ্ধা জানাতে এসেছেন।

সুজিত কুমার সাহা বলেন, আব্দুর রহমান ছিলেন অত্যন্ত বিনয়ী মানুষ। তাদের পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তার শেষ বিদায়ে উপস্থিত হয়ে একজন আপনজনকে বিদায় দেওয়ার মতো অনুভূতি হয়েছে।

সাবেক কাউন্সিলর বিপ্লব কুমার সাহা বলেন, এলাকার কারও মৃত্যু তাকে শোকাহত করে। ধর্ম কখনো মানুষের সম্পর্ককে আলাদা করে দিতে পারে না। আব্দুর রহমান ছিলেন সাদা মনের মানুষ। তার মৃত্যুতে তারাও গভীরভাবে শোকাহত।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিনের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধনের কারণে কটিয়াদীতে ধর্মের ভিন্নতা ভুলে একে অন্যের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর সংস্কৃতি গড়ে উঠেছে। আব্দুর রহমানের জানাজায় সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি সেই সম্প্রীতি ও মানবিক বন্ধনেরই এক উজ্জ্বল বহিঃপ্রকাশ।

শেয়ার করুনঃ
Advertisement