কোরআনের আয়াত উদ্ধৃত করে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট
Published : ১৯:১৬, ২২ আগস্ট ২০২৬
উমরাহ পালন করতে গিয়ে পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে আবেগঘন বার্তা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সূরা আত-তাওবার ৪০ নম্বর আয়াতের অংশবিশেষ তুলে ধরে তিনি হিজরতের ঐতিহাসিক ঘটনা ও জাবালে সুরের তাৎপর্য তুলে ধরেন।
আসিফ মাহমুদ লেখেন, ‘হতাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।’ এরপর তিনি মক্কা থেকে মদিনায় হিজরতের সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও হজরত আবু বকর (রা.)-এর জাবালে সুরের গুহায় অবস্থানের ঘটনা বর্ণনা করেন।
তিনি জানান, হিজরতের সময় তাঁরা সরাসরি মদিনার পথে না গিয়ে মক্কার দক্ষিণে অবস্থিত জাবালে সুরের গারে সওরে আশ্রয় নেন এবং সেখানে তিন রাত অবস্থান করেন। এ সময় বাইরে কুরাইশদের তল্লাশি চললেও তাঁদের সহযোগীরা বিভিন্নভাবে প্রয়োজনীয় তথ্য ও খাবারের ব্যবস্থা করতেন।
পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, একপর্যায়ে কুরাইশের অনুসরণকারীরা গুহার মুখ পর্যন্ত পৌঁছে যায়। তখন হজরত আবু বকর (রা.) আশঙ্কা প্রকাশ করলে রাসুলুল্লাহ (সা.) তাঁকে বলেন, ‘হে আবু বকর! এমন দুজন সম্পর্কে তোমার কী ধারণা, যাদের তৃতীয়জন আল্লাহ?’ তিনি এ বক্তব্যের সূত্র হিসেবে সহিহ বুখারির উল্লেখ করেন।
আসিফ মাহমুদ আরও লেখেন, জাবালে সুরের সেই ঐতিহাসিক ঘটনা থেকে সতর্ক পরিকল্পনা, ধৈর্য, তাওয়াক্কুল এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থার শিক্ষা পাওয়া যায়।
বার্তার শেষাংশে তিনি আল্লাহর কাছে সবার জন্য আস্থা, ধৈর্য ও সত্যের পথে অবিচল থাকার তাওফিক কামনা করেন।































