জিসান হত্যা: শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট

জিসান হত্যা: শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

বিজনেস ডেইলি রিপোর্ট

Published : ১৮:১৯, ৩০ আগস্ট ২০২৬

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় আব্দুর রহমান জিসানকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক মন্ত্রী-উচ্চপদস্থ কর্মকর্তাসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

এ ছাড়া সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনিসুল হক ও জাহাঙ্গীর কবীর নানক, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু ও মশিউর রহমান সজলও মামলার আসামি।

চার্জশিটে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকার সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদ, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের নামও রয়েছে।

যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই কাউছার হুসাইন গত ৮ জুলাই আদালতে চার্জশিটটি দাখিল করেন।

মামলার চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির জন্য আগামী ৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন আব্দুর রহমান জিসান। আন্দোলনকারীদের পানি পান করানোর সময় গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন।

এ ঘটনায় জিসানের বাবা বাবুল মিয়া ২০২৪ সালের ২৫ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। পরে মামলাটি তদন্ত করে পুলিশ ২৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

শেয়ার করুনঃ
Advertisement