ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে হাতকড়া পরিয়ে স্বর্ণ লুটের চেষ্টা
Published : ১১:৩৯, ৩০ আগস্ট ২০২৬
নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হাতকড়া পরিয়ে স্বর্ণালংকার লুটের চেষ্টা করেছেন তিন প্রতারক। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের ধাওয়ায় তারা আটক হন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রোববার (৩০ আগস্ট) সকালে নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গী গ্রামে বিপুল কুমারের বাড়িতে এ ঘটনা ঘটে।
আটক তিনজন হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার মানিক হোসেন ও এনামুল হক এবং ফুলবাড়ী উপজেলার মাহবুব হাসান মুন্না।
স্থানীয় সূত্র জানায়, ওই তিন ব্যক্তি ডিবি সদস্য পরিচয়ে বিপুল কুমারের বাড়িতে প্রবেশ করেন। ঘরে ঢুকে তারা বিপুলের বাবা সুকুমার চন্দ্র ও চাচা সবুজ কুমারকে হাতকড়া পরিয়ে দেন। এরপর বিপুলের স্ত্রী, মা ও শাশুড়িকে ভয়ভীতি দেখিয়ে বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালান।
একপর্যায়ে তারা স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে বিপুল কুমার ও স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা তাদের পিছু ধাওয়া করেন। পালানোর সময় পার্শ্ববর্তী বাগমারা থানার সিমলা বাজার এলাকায় তিনজনকে আটক করা হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে হাতকড়াসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।































