নেপালে ভয়াবহ বন্যায় মৃত ৭৩৪, নিখোঁজ ৩ হাজারের বেশি

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ৭৩৪, নিখোঁজ ৩ হাজারের বেশি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৩, ৩০ আগস্ট ২০২৬

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও হিমবাহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। দুর্যোগের পঞ্চম দিনেও দুর্গম পাহাড়ি এলাকা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

রোববার (৩০ আগস্ট) নেপালের গণমাধ্যমের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, নেপাল ও তিব্বত মিলিয়ে বন্যায় মৃতের সংখ্যা ৭৫০ জনে পৌঁছেছে। এখনো ৩ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপালে নিখোঁজের সংখ্যা ২ হাজার ৪৯৮ জন। অন্যদিকে, তিব্বতে ১৬ জনের মৃত্যু এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।

বুধবার হিমালয় অঞ্চলে হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় চীন-নেপাল সীমান্তের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। প্রবল স্রোত ও ধ্বংসাবশেষে বহু গ্রাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামোও ধ্বংস হয়েছে। এখন পর্যন্ত নেপালে ৩ হাজার ৭০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

টানেলে আটকা শতাধিক শ্রমিক
উদ্ধার অভিযানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে রাসুয়া জেলার জলবিদ্যুৎ প্রকল্প এলাকায়। সেখানে টানেলের ভেতরে শতাধিক শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বৃষ্টি ও নদীর পানি বাড়ায় উদ্ধারকাজ ব্যাহত হলেও নেপালি সেনাবাহিনী টানেলের ভেতরে পাইপ প্রবেশ করিয়ে বাতাস সরবরাহের চেষ্টা করছে। একই সঙ্গে শ্রমিকদের উদ্ধারে টানেল খনন ও প্রবেশপথ তৈরির কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

দুর্গত এলাকাগুলোতে স্বজন হারানো মানুষের অপেক্ষাও দীর্ঘ হচ্ছে। সেনা ঘাঁটি, হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রে নিখোঁজ স্বজনদের খোঁজে ভিড় করছেন পরিবারের সদস্যরা।

নুয়াকোটসহ ক্ষতিগ্রস্ত এলাকায় হেলিকপ্টারে করে খাবার, পোশাক ও জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। উদ্ধারকারীরা শিশু, বৃদ্ধ ও আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

ক্ষতিগ্রস্ত পর্যটন ও জলবিদ্যুৎ খাত
ভয়াবহ এই দুর্যোগে নেপালের জলবিদ্যুৎ খাত, পর্যটন এবং তীর্থযাত্রার গুরুত্বপূর্ণ পথগুলোও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। নিখোঁজদের তালিকায় শত শত বিদেশি পর্যটক ও তীর্থযাত্রীর নাম রয়েছে।

পাহাড়ি ভূপ্রকৃতি, সরু গিরিখাত এবং অব্যাহত বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়েছে। নিখোঁজদের শনাক্তকরণ, ফরেনসিক পরীক্ষা এবং দুর্গম এলাকায় উদ্ধারকাজের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছে নেপাল।

ইতোমধ্যে বিভিন্ন দেশ নেপালে ত্রাণ ও উদ্ধার সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছে। জাতিসংঘসহ কয়েকটি দেশ জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে।

পঞ্চম দিনেও নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকলেও নেপালি কর্মকর্তারা আশঙ্কা করছেন, ভয়াবহ এই দুর্যোগের পর পুনর্গঠনে কয়েক বিলিয়ন ডলারের প্রয়োজন হতে পারে।

শেয়ার করুনঃ
Advertisement