রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫৩, ৬ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফরে রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে বঙ্গভবন থেকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন তিনি।

রাষ্ট্রপতির সফরকে ঘিরে ঠাকুরগাঁওজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় ফেস্টুন, ব্যানার ও সাজসজ্জা করা হয়েছে। সফর নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এসএসএফের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

সফরসূচি অনুযায়ী, ঠাকুরগাঁও সার্কিট হাউসে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর তিনি শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। পরে নিজ বাসভবনে অবস্থান করবেন।

রোববার বিকেলে জেলা স্কুল মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। ঠাকুরগাঁও নাগরিক কমিটির উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

সফরের দ্বিতীয় দিন সকালে জেলার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। পরে জামালপুর ইউনিয়নের মহেশখালী এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহিন জানান, দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

জেলা প্রশাসক রফিকুল হক বলেন, রাষ্ট্রপতি হিসেবে এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও সফরের প্রথমবার। সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement