পেশাজীবনে এক দশক পূর্ণ করলেন পুষ্টিবিদ রুবাইয়া রীতি

পেশাজীবনে এক দশক পূর্ণ করলেন পুষ্টিবিদ রুবাইয়া রীতি রুবাইয়া পারভীন রীতি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:২৪, ৬ নভেম্বর ২০২৬

খাদ্য ও পুষ্টিবিষয়ক পেশাজীবনে এক দশকের পথচলা পূর্ণ করেছেন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদ রুবাইয়া পারভীন রীতি। দীর্ঘ এই সময়ে নানা চড়াই-উতরাই, পেশাগত চ্যালেঞ্জ, করোনাকালীন সংকট এবং ব্যক্তিগত শোক সামলে নিজের দক্ষতা ও অভিজ্ঞতায় প্রতিষ্ঠিত হয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পেশাগত জীবনের স্মৃতিচারণ করে তুলে ধরেছেন এক দশকের এই পথচলার গল্প।

বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে কর্মজীবনের নানা অভিজ্ঞতা ও অর্জনের কথা জানান রুবাইয়া রীতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা এই পুষ্টিবিদ বর্তমানে রাজধানীর বনশ্রীতে অবস্থিত ফরাজী হাসপাতালের ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করছেন।

রুবাইয়া রীতির পেশাগত যাত্রা শুরু হয় ২০১৬ সালে দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের ‘মার্কস প্রিমিয়াম মিল্ক’ পণ্যের সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে। পরবর্তী সময়ে ২০১৮ সালে তিনি ‘কোদোমো বেবি কেয়ার বাংলাদেশ’-এর প্রধান পুষ্টিবিদ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৯ সালে কে কে টি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) ক্যান্টিন এবং মার্কস মিল্কসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রজেক্ট নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করেন। পাশাপাশি বসুন্ধরা লাল আটা, আরএফএল ওয়াটার পাম্প, জিম অ্যান্ড জলিসহ বিভিন্ন ব্র্যান্ডের অনলাইন ভিডিও কমার্শিয়ালে (ওভিসি) পুষ্টিবিষয়ক পরামর্শক হিসেবেও কাজ করেছেন তিনি।

পেশাগত অগ্রযাত্রার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও কঠিন সময় পার করতে হয়েছে তাঁকে। ২০১৯ সালে মাকে হারানোর শোক তাঁর জীবনে বড় ধরনের প্রভাব ফেলে। সে সময়ের স্মৃতিচারণ করে রুবাইয়া রীতি জানান, মায়ের মৃত্যুর পর প্রায় এক মাস গভীর মানসিক ট্রমার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। তবে ধীরে ধীরে নিজেকে সামলে আবারও পেশাগত কাজে মনোনিবেশ করেন এবং অ্যাক্রো মেডিকেলে দ্বিতীয় চেম্বার শুরু করেন।

২০১৯ সালেই ফরাজী হাসপাতালের সঙ্গে তাঁর পেশাগত সম্পর্কের সূচনা হয়। এ প্রসঙ্গে তিনি জানান, ওই বছরের একটি নির্দিষ্ট দিনে হাসপাতালটির চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী ইমনের কাছে সরাসরি নিজের জীবনবৃত্তান্ত জমা দেন। এরপর লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারে অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার পর সেখানে রোগী দেখা শুরু করেন। করোনাভাইরাস মহামারির সময়েও ঝুঁকি উপেক্ষা করে নিয়মিত রোগীদের সেবা দিয়েছেন তিনি। ফরাজী হাসপাতালে তাঁর কর্মজীবন সাত বছর অতিক্রম করে অষ্টম বছরে প্রবেশ করতে যাচ্ছে।

ক্লিনিক্যাল পুষ্টিবিদ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গণমাধ্যমেও স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক সচেতনতা তৈরিতে ভূমিকা রাখছেন রুবাইয়া রীতি। ২০১৮ সাল থেকে দীপ্ত টিভি, এসএ টিভি, ইনডিপেনডেন্ট টেলিভিশন, দেশ টিভি, নেক্সাস টেলিভিশন ও এশিয়ান টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠানে উপস্থাপনা ও পুষ্টিবিষয়ক পরামর্শ দিয়ে আসছেন তিনি।

নিজের অর্জন ও আত্মতৃপ্তি প্রকাশ করে রুবাইয়া রীতি বলেন, ‘আমি খুব বড় মাপের মানুষ না হলেও “রুবাইয়া রীতি” নামটি আজ অনেকের কাছেই পরিচিত একটি ব্র্যান্ড। পেশাগত জীবন নিয়ে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ।’

দীর্ঘ এক দশকের এই পথচলায় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, রোগী ও পরিবারের সদস্যদের সহযোগিতার কথা স্মরণ করে সবার দোয়া ও ভালোবাসা কামনা করেছেন এই পুষ্টিবিদ।

শেয়ার করুনঃ
Advertisement