বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-আফগানিস্তান ম্যাচ, না খেলেই সেমিফাইনালে ভারত
Published : ১২:৫২, ২৮ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে বৃষ্টির কারণে ভারত-আফগানিস্তান কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হয়েছে। সোমবার জাপানের নিশিনে টস ছাড়াই ম্যাচটি বাতিল ঘোষণা করেন আম্পায়াররা। ফলে একটি বলও না খেলেই সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে, কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে আফগানিস্তান।
নিশিনের করোগি স্পোর্টস পার্কে টানা বৃষ্টিতে মাঠের আউটফিল্ড খেলার অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘ অপেক্ষার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এমনকি সংক্ষিপ্ত পাঁচ ওভারের ম্যাচ আয়োজনেরও সম্ভাবনা ছিল না বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হলে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল সেমিফাইনালে ওঠে। সেই নিয়মেই ভারতের শেষ চারে জায়গা নিশ্চিত হয়েছে। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ভারত শীর্ষে, আর আফগানিস্তান দশম স্থানে রয়েছে।
র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছিল ভারত। অন্যদিকে, গ্রুপপর্বে দ্বিতীয় হয়ে শেষ আটে উঠেছিল আফগানিস্তান। বৃষ্টির কারণে ম্যাচ না হওয়ায় তাদের প্রতিযোগিতা শেষ হলো।
আগামী ১ অক্টোবর সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার কোয়ার্টার ফাইনালের জয়ী দল।
এদিকে, বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে পাকিস্তান-হংকং কোয়ার্টার ফাইনালও। ওই ম্যাচেও টস হয়নি, ফলে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।
ফলে ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে। দুই দলই সেমিফাইনালে জিতলে স্বর্ণপদকের লড়াইয়ে দেখা হবে তাদের। আর দুদলই সেমিফাইনালে হারলে ব্রোঞ্জ পদকের ম্যাচে মুখোমুখি হওয়ার সুযোগ থাকবে।
বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হওয়ায় এশিয়ান গেমসে এখনো মাঠে নামা হয়নি ভারতের। সেমিফাইনালেই হবে তাদের টুর্নামেন্টের প্রথম ম্যাচ।
































