পদত্যাগ করলেন এমপি মিষ্টি
Published : ১৬:৩০, ১ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।
সংসদে প্রবেশের সময় মিষ্টির হাতে একটি ফাইল দেখা যায়। সেখানে প্রায় ১৫ মিনিট অবস্থানের পর তিনি বেরিয়ে আসেন। তবে বের হওয়ার সময় তার হাতে কোনো ফাইল বা কাগজপত্র দেখা যায়নি।
পদত্যাগের কারণ জানতে চাইলে মিষ্টি বলেন, স্পিকার তাকে ডেকেছিলেন, এ কারণেই তিনি সংসদে এসে দেখা করেছেন।
এর আগে মিরপুরের একটি মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র ভেঙে ফেলার ঘটনাকে কেন্দ্র করে মিষ্টির সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর আলোচনা সামনে আসে। তবে তার পদত্যাগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো কারণ জানাননি তিনি।




























