দুর্গাপূজায় টানা ৩ দিনের সরকারি ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা
Published : ১৪:৫১, ৭ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর—মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার—সরকারি ছুটি থাকবে। তবে পূজার ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার কর্মদিবস হিসেবে পালন করা হবে।
বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ১৭ অক্টোবর সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি অফিসও খোলা থাকবে।
তবে দুর্গাপূজার সরকারি ছুটি জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাকসেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী ও যানবাহনকে ছুটির বাইরে রাখা হয়েছে।
হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরাও ছুটি পাবেন না। ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনের কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহনও স্বাভাবিক দায়িত্ব পালন করবে। জরুরি কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
ছুটির সময়ে ব্যাংকের কার্যক্রম কীভাবে চলবে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট।
এ ছাড়া বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে দুর্গাপূজার ছুটি কীভাবে কার্যকর হবে, তা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী নির্ধারণ করে প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।































