একনেকে ১৬,২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প উঠছে

একনেকে ১৬,২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প উঠছে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:২১, ৭ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়সংবলিত ১৩টি প্রকল্প উপস্থাপনের কথা রয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।

একনেকের এজেন্ডায় থাকা ১৩টি প্রকল্পের মধ্যে ১০টি নতুন, দুটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, ভৌত অবকাঠামো বিভাগের নয়টি, কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের তিনটি এবং শিল্প ও শক্তি বিভাগের একটি প্রকল্প রয়েছে।

এবারের বৈঠকে নতুন প্রকল্প অনুমোদনের পাশাপাশি চলমান কয়েকটি প্রকল্পের ব্যয় বাড়ানো এবং বাস্তবায়নের সময়সীমা সম্প্রসারণের প্রস্তাবও পর্যালোচনা করা হবে।

২০২৬-২৭ অর্থবছরে এটি একনেকের পঞ্চম সভা। একই সঙ্গে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি দশম একনেক সভা।

শেয়ার করুনঃ
Advertisement