বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:২৫, ৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের বিভিন্ন বিষয় শুনবেন। পাশাপাশি আবরার হত্যা মামলার বিচার প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা করা সম্ভব, তা নিয়েও আলোচনা হবে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, দেশে ফেরার পর এই প্রথম আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি সাক্ষাৎ হতে যাচ্ছে। এ সময় পরিবারের সদস্যদের সমস্যা, সুবিধা-অসুবিধাসহ বিভিন্ন বিষয়ে কথা শুনবেন প্রধানমন্ত্রী।

তিনি আরও জানান, প্রয়োজন হলে আবরার ফাহাদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেবেন প্রধানমন্ত্রী।

২০১৯ সালের অক্টোবরে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে শেরেবাংলা হলের একটি কক্ষে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালে ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০২৫ সালের মার্চে হাইকোর্টও ওই সাজা বহাল রাখে। তবে আপিল বিভাগে আবেদন নিষ্পত্তি না হওয়ায় রায় এখনো পুরোপুরি কার্যকর হয়নি।

শেয়ার করুনঃ
Advertisement