১৮ কোটি মানুষের নিরাপদ পানিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা
Published : ১৫:৫৭, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশের প্রায় ১৮ কোটি মানুষের কাছে নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রী জানান, প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্য ব্যয় প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার। এ উদ্যোগে ইউনিসেফের পাশাপাশি বিশ্বব্যাংক ও ওয়াটারএইডসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাকে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা চলছে।
ড. আবদুল মঈন খান বলেন, পানি মানুষের জীবনের জন্য অপরিহার্য হলেও দূষিত ও জীবাণুযুক্ত পানি বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই দেশের সব মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
পানি সংকটের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, উজানে পানি প্রত্যাহারের কারণে দেশের অনেক নদীর পানিপ্রবাহ কমে যাচ্ছে। এর প্রভাবে উত্তরাঞ্চলে মরুকরণের প্রবণতা তৈরি হচ্ছে। অন্যদিকে নদীতে পানির প্রবাহ কমে গেলে সমুদ্রের লবণাক্ত পানি দক্ষিণাঞ্চলের দিকে উঠে আসে। এতে উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট আরও তীব্র হচ্ছে।
মন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের জন্য নিরাপদ পানির সংকট দীর্ঘদিনের। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিতভাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ দীর্ঘদিন ধরে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় দাতা সংস্থার কাছ থেকে সহায়তা পেলেও অতীতে এসব সহায়তা যথাযথভাবে কাজে লাগানো যায়নি বলে তিনি মনে করেন। একই সঙ্গে উন্নত দেশগুলোর অর্থনৈতিক চাপের কারণে উন্নয়নশীল দেশগুলোর জন্য বৈদেশিক সহায়তার পরিমাণ কমছে বলেও উল্লেখ করেন তিনি।
ড. আবদুল মঈন খান বলেন, সরকারের লক্ষ্য হলো জনগণের সম্পদ ও উন্নয়ন সহযোগীদের সহায়তা যথাযথভাবে কাজে লাগানো এবং অপচয় ও দুর্নীতি কমিয়ে জনগণের কল্যাণে তা ব্যবহার করা।































