৯৯৯-এর রেসপন্স টাইম কমিয়ে আনার নির্দেশ
Published : ২১:১২, ৩০ সেপ্টেম্বর ২০২৪
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা দ্রুত সেবাগ্রহীতার কাছে পৌঁছাতে রেসপন্স টাইম আরও কমিয়ে আনতে নির্দেশ দিয়েছেন। রাজধানীর আব্দুল গনি রোডে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যালয় পরিদর্শনকালে এ নির্দেশ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টের (টিঅ্যান্ডআইএম) অতিরিক্ত আইজি ওয়াইএম বেলালুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আইজিপি বলেন, জনগণ যাতে দ্রুততম সময়ে জরুরি সেবা পায় তা নিশ্চিত করতে হবে। তিনি সেবা প্রদানকারীদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ময়নুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ জনগণের কাছে অত্যন্ত গ্রহণীয়। এ সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
আইজিপি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ধরনের অ্যাপস ও প্ল্যাটফর্মের মাধ্যমে ৯৯৯-এর সেবার পরিধি বাড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য, ২০১৭ সালে জনগণকে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা প্রদানের লক্ষ্যে জাতীয় জরুরি সেবা ৯৯৯ চালু করা হয়। প্রতিষ্ঠার পর থেকে আগস্ট ২০২৪ পর্যন্ত ৯৯৯-এ ৫ কোটি ৭০ লাখ ৯৮ হাজার ৪৩১টি কল এসেছে। সেবা প্রদানযোগ্য কলের মধ্যে ৮৩ দশমিক শূন্য ৮ শতাংশ পুলিশি সেবা, ৮ দশমিক ১৫ শতাংশ ফায়ার সার্ভিস এবং ৮ দশমিক ৭৮ শতাংশ অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়েছে।
বিডি/এন






























