দুই বিষয়ে শপথ নেবেন এমপিরা: আলী রীয়াজ

দুই বিষয়ে শপথ নেবেন এমপিরা: আলী রীয়াজ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:২৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচিত সংসদ সদস্যরা দুটি আলাদা ভূমিকায় শপথ গ্রহণ করবেন—একটি জাতীয় সংসদের এমপি হিসেবে, অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ জানান, সাম্প্রতিক গণরায় মূলত সংস্কারের পক্ষেই এসেছে। এটিকে তিনি জুলাই আন্দোলনের স্বীকৃতি এবং গত ১৬ বছরের অনাচারের বিরুদ্ধে জনগণের সুস্পষ্ট অবস্থান হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও প্রতিশ্রুতি থাকলে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন পুরোপুরি সম্ভব।

তিনি আরও বলেন, আলোচনা ও ঐক্যের মধ্য দিয়েই সবাইকে এই সনদ বাস্তবায়নের পথে এগোতে হবে। অনেক মানুষ কেবল গণভোটে অংশ নিয়েছেন বলেই সংসদ নির্বাচনের তুলনায় গণভোটে ভোটের হার প্রায় এক ভাগ বেশি ছিল বলেও উল্লেখ করেন তিনি।

সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোকেই প্রধান ভূমিকা রাখতে হবে জানিয়ে আলী রীয়াজ আশাবাদ ব্যক্ত করেন—দলগুলো তাদের অঙ্গীকার অনুযায়ী দায়িত্বশীল আচরণ করবে।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী ১৬ অথবা ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement