নাসীরুদ্দীন পাটওয়ারীকে এমপির হুঁশিয়ারি
Published : ২১:৫৩, ৮ আগস্ট ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে হুঁশিয়ারি দিয়েছেন দিনাজপুর-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী-কন্যাকে নিয়ে পাটওয়ারী কুরুচিপূর্ণ মন্তব্য করছেন এমন অভিযোগ তুলে তিনি বলেন, ‘পাটওয়ারীর ওপর মার শুরু হয়েছে কেবল, আসল মার তো শুরুই হয়নি।’
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের সমালোচনা করে মনজুরুল ইসলাম বলেন, পাটওয়ারী যেভাবে বক্তব্য দেন, তা ‘ফ্রিডম অব স্পিচ’ বা বাক্স্বাধীনতার পর্যায়ে পড়ে না।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশ পরিচালনায় তারেক রহমান যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, তা বিশ্বাস করা কঠিন। আমরা অনেক কিছু সহ্য করতে পারি না। কিন্তু উনি সহ্য করছেন। উনার সম্পর্কে যে সব বাজে ভাষা এই পাটওয়ারী ও তুষাররা বলছে, তা সহ্যের নয়।’
জুলাইয়ের তথ্যচিত্র নিয়ে আপত্তি
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় নূর হোসেন নামে এক বাংলাদেশি তথ্যচিত্রটির বিষয়ে আপত্তি জানান।
নূর হোসেনের দাবি, তথ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তাঁর অভিযোগ, ভিডিওতে বিএনপির ১৭ বছরের আন্দোলনের ফসল হিসেবে জুলাই গণঅভ্যুত্থানকে তুলে ধরা হয়েছে। অথচ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ছাত্রদের আন্দোলনের ফসল ফ্যাসিবাদের পতন।
নূর হোসেন বলেন, ‘আমরা আন্দোলন করি নাই। ডকুমেন্টারিতে ইতিহাসের বিকৃতি করা হয়েছে।’
এ বক্তব্যের পর অনুষ্ঠানে উপস্থিত বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাঁর উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে তাকে আলোচনা সভার হল থেকে বের করে দেওয়া হয়। এ সময় সভাস্থলে বিশৃঙ্খলা দেখা দিলে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন আইনজীবী অ্যাটর্নি মঈন চৌধুরী মাইকে বলেন, ‘এটি সরকারি অফিস। এখানে বিশৃঙ্খলা করবেন না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটার। বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহ উদ্দীন নোমান চৌধুরী, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস সেক্রেটারি গোলাম মর্তুজা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লু।
প্রতিবেদন অনুযায়ী, দেশে থাকাকালে নূর হোসেন শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে নিউইয়র্কের জামায়াত নেতা-কর্মীদের মধ্যে তাকে নিয়ে পরিচিতি নেই বলে জানা গেছে।































