তনু হত্যা মামলায় জামিন পাওয়া সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

তনু হত্যা মামলায় জামিন পাওয়া সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার ছবি: বিজনেস ডেইলি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৪২, ৮ আগস্ট ২০২৬

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (৮ আগস্ট) রাজধানীর কেরানীগঞ্জে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পিবিআইয়ের এক বার্তায় জানানো হয়েছে।

পিবিআই জানায়, আদালতের আদেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় এবং একই আদেশে তাকে গ্রেপ্তারের নির্দেশ থাকায় হাফিজুর রহমানকে ফের গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে গত রোববার হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথীকা হোসাইনের বেঞ্চ হাফিজুর রহমানের জামিন মঞ্জুর করেন। পরে মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

এরপর রাষ্ট্রপক্ষ হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যায়। বৃহস্পতিবার আপিল বিভাগ তার জামিন বাতিল করে ২৪ ঘণ্টার মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন। আত্মসমর্পণ না করলে আইনশৃঙ্খলা বাহিনীকে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।

নির্ধারিত সময় শুক্রবার সন্ধ্যায় শেষ হলেও হাফিজুর রহমান আদালতে আত্মসমর্পণ করেননি। এর কয়েক ঘণ্টা পরই তাকে গ্রেপ্তার করে পিবিআই।

দীর্ঘ প্রায় ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে প্রথমবার গ্রেপ্তার করে পিবিআই। পরদিন তাকে কুমিল্লার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে ডিএনএ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে।

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তনুর বাবা ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

শেয়ার করুনঃ
Advertisement