সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর, রিজভীর বক্তব্যকে ‘অসত্য’ দাবি
Published : ১৯:৫০, ৮ আগস্ট ২০২৬
সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে দীর্ঘদিন পর নিজের অবস্থান পরিষ্কার করেছেন চিত্রনায়িকা শাবনূর। সম্প্রতি রিজভী আহমেদ ওরফে ফরহাদের দেওয়া বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে নিজের বক্তব্য তুলে ধরেছেন তিনি।
শাবনূর দাবি করেছেন, রিজভী আহমেদের সাম্প্রতিক বক্তব্য ‘অসংগতিপূর্ণ, বিভ্রান্তিকর ও অসত্য’। তাঁর ভাষ্য, সালমান শাহর মৃত্যুর পরই প্রথম রিজভী আহমেদের নাম শুনেছিলেন তিনি।
অভিনেত্রীর দাবি, একসময় রিজভী সালমান শাহকে হত্যার পরিকল্পনা ও তা বাস্তবায়নে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে রাজসাক্ষী হয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি আবার ভিন্ন বক্তব্য দিয়ে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন। সাম্প্রতিক সাক্ষাৎকারেও রিজভী একই ধরনের বক্তব্য দিয়েছেন এবং সালমানের মৃত্যুর জন্য তাঁর মা নীলা চৌধুরী ও শাবনূরকে দায়ী করেছেন বলে দাবি করেন অভিনেত্রী।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সরাসরি অস্বীকার করে শাবনূর বলেন, রিজভীর সঙ্গে তাঁর কখনো কোনো যোগাযোগ ছিল না। এমনকি ২০১৬ সালে তাঁদের বিয়ে এবং ২০১৮ সালে বিচ্ছেদের যে দাবি করা হয়েছে, সেটিও সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেন তিনি।
শাবনূরের ভাষ্য, ওই সময়ের অনেক আগেই তিনি বিবাহিত ছিলেন এবং রিজভী আহমেদকে তিনি ব্যক্তিগতভাবে চেনেনও না।
রিজভীর সঙ্গে বিয়ের দাবিকে কটাক্ষ করে শাবনূর বলেন, এমন দাবি শুনে তাঁর মনে হচ্ছে, বাস্তবে কোনো বিয়ে নয়, হয়তো ‘স্বপ্নের বাসর’ হয়েছিল।
সালমান শাহকে ব্ল্যাকমেইল করার অভিযোগও নাকচ করেছেন শাবনূর। সালমানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে রিজভীর বক্তব্যকে ভিত্তিহীন ও মানহানিকর বলেও মন্তব্য করেন তিনি।
নিরপেক্ষ তদন্তের দাবি
সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন শাবনূর। তাঁর মতে, সালমান শুধু একজন জনপ্রিয় নায়ক ছিলেন না, তাঁর কাছে তিনি ছিলেন প্রিয় সহশিল্পী ও বড় ভাইয়ের মতো একজন মানুষ।
শাবনূর বলেন, সালমান শাহ কীভাবে মারা গেছেন, সে বিষয়ে তাঁর কোনো ধারণা নেই। তবে মৃত্যুর ঘটনায় কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাঁদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।
নিজের অবস্থান স্পষ্ট করে শাবনূর বলেন, ‘সালমান শাহর মৃত্যু বা হত্যাকাণ্ডের সঙ্গে আমার বিন্দুমাত্র কোনো সংযোগ ছিল না। তিনি কীভাবে মারা গেছেন সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। সালমান শাহ শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলেন না, তিনি ছিলেন আমার অত্যন্ত প্রিয় সহশিল্পী এবং বড় ভাইয়ের মতো একজন মানুষ।’
তিনি আরও বলেন, সালমান শাহর অকালমৃত্যু তাঁকে এখনো ব্যথিত করে। একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে তাঁর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং ঘটনায় কেউ জড়িত থাকলে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।

































