অনেক ভুল করেছি, পেছনে তাকালে এখনো আফসোস হয়’: শাকিব খান

অনেক ভুল করেছি, পেছনে তাকালে এখনো আফসোস হয়’: শাকিব খান ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৯:৪৩, ৮ আগস্ট ২০২৬

নিজের অতীত, ব্যক্তিজীবনের নানা টানাপোড়েন এবং জীবনে নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়ে খোলামেলা কথা বলেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে কথা বলতে গিয়ে তিনি স্বীকার করেছেন, কিছু ভুলের জন্য এখনো তাঁর আফসোস হয়।

শাকিব খান বলেন, জীবনে তিনি অনেক ভুল করেছেন। কখনো কখনো মনে হয়, কিছু ভুল না করলেও পারতেন। তাঁর ভাষায়, পেছন ফিরে তাকালে মনে হয়, ওই ভুলগুলো না হলে জীবনের অনেক কিছু হয়তো আরও সহজ ও স্বাভাবিক হতে পারত।

অভিনেতা বলেন, ‘অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম। অনেক কথা আমি বলার আগেই মানুষ জেনে যায়। আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। যতটুকু বলার বলছি, অনেক সময় পেছন ফিরে তাকালে আফসোস লাগে।’

তবে ভুলকে জীবনের স্বাভাবিক অংশ হিসেবেই দেখেন শাকিব। নিজের সঙ্গে একান্তে সময় কাটানোর সময় পুরোনো ভুল ও সিদ্ধান্তগুলো তাঁকে ভাবায় বলেও জানান তিনি।

শাকিবের ভাষায়, ‘ভুল আমাদের প্রত্যেক মানুষেরই হয়। নিভৃতে যখন নিজের সঙ্গে বসি, তখন এই হিসাব-নিকাশগুলো আমাকে পীড়া দেয়। কিন্তু কী আর করব, অনেক কিছু চাইলেও তো চেঞ্জ করা সম্ভব না, হাতে নেই আমাদের।’

তবে কোনো বিষয় ভুল হিসেবে উপলব্ধি করার পর সেটি জেনে-শুনে আর পুনরাবৃত্তি না করার কথাও বলেন তিনি।

অপু-বুবলী প্রসঙ্গে নীরব শাকিব 

সাক্ষাৎকারে শাকিব খানের ব্যক্তিজীবন নিয়েও প্রশ্ন করা হয়। বিশেষ করে তাঁর দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী প্রসঙ্গে জানতে চাইলে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি।

শাকিব বলেন, ‘তারা দুজন আমার লাইফের পার্ট। তবে আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে। আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখি।’

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন অতিরঞ্জিত খবর নিয়েও কথা বলেন এই অভিনেতা। তাঁর দাবি, অনেক সময় কোনো ঘটনা ঘটার আগেই সেটিকে কেন্দ্র করে নানা ধরনের খবর ছড়িয়ে পড়ে। এমনকি বাস্তবে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও বিভিন্ন ঘটনার সঙ্গে তাঁর নাম জড়িয়ে দেওয়া হয়।

দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও নানা আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন শাকিব খান। এবার নিজের অতীতের ভুল, সেসব নিয়ে অনুশোচনা এবং ব্যক্তিগত বিষয় নিজের মধ্যেই রাখার সিদ্ধান্তের কথা জানালেন ঢালিউডের এই জনপ্রিয় তারকা

শেয়ার করুনঃ
Advertisement