জ্বালানি তেল আমদানিতে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই: সরকার
Published : ২২:৩৩, ৮ আগস্ট ২০২৬
দেশে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার। তবে প্রস্তাবিত এ নীতিমালার মাধ্যমে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা নির্দিষ্ট গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর খসড়া প্রণয়নের প্রধান লক্ষ্য দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং জ্বালানি তেলের সরবরাহব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখা।
প্রস্তাবিত নীতিমালায় স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি জরুরি বা সংকটকালীন সময়ে সরকারি ব্যবস্থার সঙ্গে বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কাজে লাগানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
জ্বালানি বিভাগ জানায়, নীতিমালাটি এখনো চূড়ান্ত হয়নি এবং বর্তমানে প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত ও পরামর্শ নেওয়ার পরই নীতিমালাটি চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থ রক্ষা, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিযোগিতামূলক বাজার প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই এ ধরনের নীতিমালা প্রণয়ন করা হবে।
এদিকে প্রস্তাবিত নীতিমালা নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমাননির্ভর ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ধরনের তথ্য প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বিভাগটি পুনরায় স্পষ্ট করেছে, নীতিমালাটি এখনো চূড়ান্ত পর্যায়ে না থাকায় এর মাধ্যমে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা নির্দিষ্ট গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার প্রশ্নই ওঠে না।
MDH


































