জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগভিত্তিক লংমার্চ ঘোষণা
Published : ১৪:১৫, ৬ আগস্ট ২০২৬
জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বিভাগভিত্তিক লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, অবিলম্বে গণহত্যার বিচার সম্পন্ন, সব গণহত্যার দায়ীদের বিচারের আওতায় আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী:
৫ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার): ঢাকা থেকে চট্টগ্রাম সড়কপথে লংমার্চ।
১৯ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার): ঢাকা থেকে রংপুর সড়কপথে লংমার্চ।
১০ অক্টোবর ২০২৬ (শনিবার): ঢাকা থেকে খুলনা সড়কপথে লংমার্চ।
২৪ অক্টোবর ২০২৬ (শনিবার): ঢাকা থেকে সিলেট রেলপথে লংমার্চ।
১৪ নভেম্বর ২০২৬ (শনিবার): ঢাকায় মহাসমাবেশ।
১১ দলীয় ঐক্যের নেতারা বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বার্থে ঘোষিত কর্মসূচিগুলো সফল করতে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে দেশব্যাপী গণসংযোগ ও আন্দোলন আরও জোরদার করা হবে বলেও তারা জানান।


































