গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির: রাশেদ খাঁন

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির: রাশেদ খাঁন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: কোলাজ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১২, ৮ আগস্ট ২০২৬

গণঅভ্যুত্থানের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রথম বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার (৮ আগস্ট) সকালে নিজের গ্রাম ঝিনাইদহের ঐতিহ্যবাহী মুরারীদহ এলাকার ‘মিয়ার দালান’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, ‘ডা. শফিকুর রহমানকে এতদিন মজলুম নেতা হিসেবে জানতাম। তবে তিনি যে মুখোশধারী ছিলেন, তা গণঅভ্যুত্থানের পরই স্পষ্ট হয়েছে। গণঅভ্যুত্থানের পর তার প্রথম কার্যক্রম ছিল নিষিদ্ধ আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করা। অর্থাৎ গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানিটা তিনিই করেছেন।’

তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী অন্যায়, অপরাধ, মিথ্যাচার ও মুনাফেকি থেকে পিছপা হয়নি। নির্বাচনের আগে দলটি ‘জান্নাতের টিকিট বিক্রি করেছে’ বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খান বলেন, দেশের ইতিবাচক পরিবর্তনের পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভূমিকা রয়েছে। একইভাবে আগামীর বাংলাদেশে পরিবর্তন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হবে বলে তিনি দাবি করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভূমিকা প্রসঙ্গে রাশেদ খান বলেন, গণঅভ্যুত্থান পর্যন্ত নাহিদ ইসলাম সঠিক পথেই ছিলেন। তবে জামায়াতে ইসলামীর ‘ফাঁদে’ পা দেওয়ার পর থেকেই তিনি বিপথগামী হয়েছেন বলে মন্তব্য করেন রাশেদ।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement