বাবার মৃত্যুতেও প্যারোল জুটেনি ২ ছাত্রদল নেতার
Published : ০৯:৪৮, ২০ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির প্রসঙ্গ তুলে ধরে অতীতে কারাবন্দি দুই ছাত্রদল নেতাকে বাবার মৃত্যুর সময় প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনা স্মরণ করেছেন ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
শেখ তানভীর বারী হামিমের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আব্দুর রহিম রনি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ইবরাহিম কবির মিঠু তাদের বাবার মৃত্যুর পরও প্যারোলে মুক্তির সুযোগ পাননি।
তিনি জানান, ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হন আব্দুর রহিম রনি। এর আগে একই বছরের ২৯ নভেম্বর গ্রেপ্তার করা হয় ইবরাহিম কবির মিঠুকে।
শেখ তানভীর বারী হামিমের ভাষ্য অনুযায়ী, তাদের বাবার মৃত্যুর পর পরিবারের সদস্যরা সারাদিন কারাগার ও জেলা প্রশাসকের কার্যালয়ে ঘোরাঘুরি করলেও শেষবারের মতো বাবাকে দেখার সুযোগ দেওয়া হয়নি।
তিনি দাবি করেন, তৎকালীন সরকারের সময়ে ঘটে যাওয়া এসব ঘটনা ‘নির্দয় ও নির্মমতার’ চিত্র তুলে ধরে।

































