নাহিদ রানার ফেরার সম্ভাব্য সময় জানালেন প্রধান নির্বাচক

নাহিদ রানার ফেরার সম্ভাব্য সময় জানালেন প্রধান নির্বাচক ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ২০:০৪, ১৯ সেপ্টেম্বর ২০২৬

চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা বাংলাদেশি পেসার নাহিদ রানা মিরপুরে বোলিং শুরু করেছেন। তবে আসন্ন এশিয়ান গেমস এবং সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে পাওয়া যাচ্ছে না।

জিম্বাবুয়ে সিরিজে চোট পাওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি নাহিদ। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া এই পেসার ধীরে ধীরে বোলিংয়ে ফিরেছেন। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রত্যাবর্তনের জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে।

শনিবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। আগামী ৯ অক্টোবর শুরু হতে যাওয়া ম্যাচের দলে জায়গা হয়নি নাহিদের।

তবে তাকে নিয়ে নির্বাচকদের পরিকল্পনা রয়েছে। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, আগামী মাসের ১০ তারিখের আগে নাহিদকে পাওয়া সম্ভব নয়।

বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় হাবিবুল বাশার বলেন, ‘নাহিদ রানাকে নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি। তাকে পাওয়া যাবে সামনের মাসের ১০ তারিখ থেকে। কাজেই এই টেস্ট থেকে সে এমনিতেই ছিটকে গেছে।’

শুধু আফগানিস্তান টেস্ট নয়, পরবর্তী গুরুত্বপূর্ণ সিরিজগুলোর জন্যও নাহিদকে পুরোপুরি প্রস্তুত করতে চায় টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের। এছাড়া আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্টও রয়েছে।

প্রধান নির্বাচকের ভাষ্য, এসব গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখেই নাহিদের ফেরার পথ নির্ধারণ করা হবে।

তিনি বলেন, ‘সামনের টেস্ট ম্যাচগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট, এরপর ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ, এছাড়া আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট—এই ম্যাচগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এজন্য নাহিদ রানাকে আমরা সম্ভাব্য সেরা সুযোগ দিতে চাই, যেন সে সবগুলো ম্যাচ খেলতে পারে।’

আফগানিস্তান টেস্টের পর সংযুক্ত আরব আমিরাতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজেই নাহিদকে ফেরানো হবে কি না, নাকি দেশে ফিরে জাতীয় লিগের প্রথম শ্রেণির ম্যাচ খেলে টেস্টের প্রস্তুতি নেবেন—এখনো সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

হাবিবুল বাশার জানান, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্টের আগে নাহিদকে যথাযথ প্রস্তুতির সুযোগ দিতে চায় নির্বাচকরা।

তিনি বলেন, ‘ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্টে তাকে আমরা চাচ্ছি। আশা করি তখন সে সুস্থ থাকবে। সেক্ষেত্রে তাকে নিয়ে সম্ভাব্য সেরা পথটা কী হতে পারে, সেটিই নিয়ে আমরা আলাপ করছি।’

নাহিদের প্রত্যাবর্তনের প্রস্তুতিতে ওয়ানডে সিরিজকেও বিবেচনায় রাখা হচ্ছে। সুযোগ পেলে ওয়ানডেতে কয়েকটি ম্যাচ খেলে টেস্টের জন্য প্রস্তুত হতে পারেন তিনি। বিকল্প হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলিয়েও তাকে প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে নির্বাচকদের।

প্রধান নির্বাচক বলেন, ‘নাহিদ রানার জন্য যেটা সেরা উপায় হবে, আমরা সেই সিদ্ধান্ত নেব। সেটা হতে পারে ওয়ানডে সিরিজে দুটি ম্যাচ খেলে টেস্টের প্রস্তুতি নেওয়া, অথবা ফার্স্ট ক্লাসে খেলে প্রস্তুত হওয়া। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট খেলার জন্য কোনটা ভালো হবে, সেটা আমরা পরে সিদ্ধান্ত নেব।’

শেয়ার করুনঃ
Advertisement