ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথমবার চ্যাম্পিয়ন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস
Published : ১২:২৫, ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (CPL) ফাইনালে জ্যামাইকা কিংসম্যানকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।
সোমবার (২১ সেপ্টেম্বর) বার্বাডোজের কেনসিংটন ওভালে টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে জ্যামাইকা। দলের হয়ে একাই লড়াই করেন মাজ সাদাকাত। ৫৮ বলে ৮টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ১১৪ রান করেন তিনি। সাইম আইয়ুব করেন ২৯ রান।
ফ্যালকনসের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সুফিয়ান মুকিম। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। আলজারি জোসেফ শিকার করেন ২ উইকেট।
১৭১ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ফ্যালকনস। প্রথম ওভারে রাহকিম কর্নওয়াল ৬ বলে ২০ রান করে ফিরলেও পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৭৬ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা।
এভিন লুইস ২৬ বলে ৩৮ রান করে আউট হওয়ার পর আমির জাঙ্গু ও হাসান নওয়াজ মিলে দলের জয় নিশ্চিত করেন। জাঙ্গু ৩৪ বলে অপরাজিত ৫৭ এবং হাসান নওয়াজ ৩৫ বলে অপরাজিত ৪৭ রান করেন।
শেষ পর্যন্ত ১৭ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ফ্যালকনস। এর মধ্য দিয়ে নতুন দুই ফ্র্যাঞ্চাইজির লড়াইয়ে প্রথম শিরোপা জিতে সিপিএলে নতুন ইতিহাস গড়ল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।
































