কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: ‘জেডএফসি ২’-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই
Published : ১২:১২, ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কমব্যাট স্পোর্টস প্রতিযোগিতা ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ’ (জেডএফসি)-এর দ্বিতীয় আসর—‘জেডএফসি ২: প্রাইড অব বাংলাদেশ’।
তানভীর বসুন্ধরা গ্রুপ (টিবিজি) আয়োজিত এ প্রতিযোগিতায় থাই বক্সিং বা মুয়ে থাই, প্রথাগত বক্সিং, মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বেয়ার-নাকল বক্সিংয়ের রোমাঞ্চকর বাউট অনুষ্ঠিত হয়।
আয়োজনের বিভিন্ন বাউটে বাংলাদেশের তরুণ ও উদীয়মান ফাইটাররা মুখোমুখি হন আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞ দেশি-বিদেশি প্রতিপক্ষের। পাঁচটি মূল শিরোপাসহ একাধিক আন্তর্জাতিক বাউট ঘিরে পুরো আয়োজনজুড়ে ছিল উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা।
গ্যালারিতে বসে প্রতিযোগিতা উপভোগ করেন তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এবং সানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান।
জেডএফসি ২-এর অন্যতম প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত বেয়ার-নাকল বক্সিং। গ্লাভস ছাড়া তিন রাউন্ডের এই বিশেষ বাউটে মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের ফাইটার উইল চপ ও ইরানের মোস্তফা আশৌরি।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে জয় পান আমেরিকান ফাইটার উইল চপ। আয়োজকদের মতে, এই বাউটের মধ্য দিয়ে বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে বেয়ার-নাকল বক্সিংয়ের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।
জেডএফসি মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে মালয়েশিয়ার এরওয়ান্ডি কালাইকে হারিয়ে শিরোপা জয় করেন বাংলাদেশের মুহাম্মদ রাশেদ।
অন্যদিকে আন্তর্জাতিক বাউটে ফিলিপাইনের ফিলিপাস রাঙ্গাকে পরাজিত করে জয় তুলে নেন বাংলাদেশের মনজুর আলম।
ডব্লিউএমও এশিয়া মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মসজিদুল রেজা ওমিও থাইল্যান্ডের থানাপাত তিথামের বিপক্ষে লড়াই করে জয় পান।
এ ছাড়া জেডএফসি বক্সিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সুরা কৃষ্ণ চাকমা ইন্দোনেশিয়ার কুন্দিমাংয়ের বিপক্ষে জয় লাভ করেন। অপর এক বাউটে বাংলাদেশের সিরাজুল রাব্বিকে হারিয়ে জয় পান সিঙ্গাপুরের শন রাফায়েল সানি।
খেলার পাশাপাশি তারকাদের উপস্থিতিও জেডএফসি ২-এর আকর্ষণ বাড়িয়ে দেয়। দর্শকদের উৎসাহ দিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনয়শিল্পী জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষি আলম ও মুসাফির সাঈদ বাচ্চু। উপস্থিত ছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পরিচালক কাজল আরেফিন অমিও।
এ ছাড়া লড়াই উপভোগ করতে গ্যালারিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী জেফার রহমান, উপস্থাপক রাফসান শাবাবসহ দেশের শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা।
চলতি বছরের এপ্রিলে ‘জেডএফসি ১: দ্য টেকওভার’ সফলভাবে আয়োজনের পর দ্বিতীয় আসর ‘জেডএফসি ২: প্রাইড অব বাংলাদেশ’ দেশের কমব্যাট স্পোর্টসের পরিসর আরও বিস্তৃত করেছে।
আয়োজকদের মতে, বসুন্ধরা স্পোর্টস সিটিকে কেন্দ্র করে এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা শুধু বাংলাদেশের স্থানীয় ফাইটারদের পেশাদার পর্যায়ে নিজেদের তুলে ধরার সুযোগই তৈরি করছে না, একই সঙ্গে আন্তর্জাতিক স্পোর্টস অঙ্গনে বাংলাদেশের পরিচিতিও বাড়াচ্ছে।
প্রথাগত খেলাধুলার পাশাপাশি কমব্যাট স্পোর্টসের প্রতি তরুণদের আগ্রহকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ফাইটারদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে জেডএফসি একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

































