আইএল টি-টুয়েন্টির নিলামে বাংলাদেশের ১০ ক্রিকেটার, সর্বোচ্চ ভিত্তিমূল্যে ৩ জন
Published : ১৮:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (ILT20) পঞ্চম আসরের আগে বসছে খেলোয়াড় নিলাম। এবারের নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ১০ ক্রিকেটার জায়গা পেয়েছেন। এর মধ্যে তিনজন রয়েছেন সর্বোচ্চ ৮০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যের তালিকায়।
নিলামে খেলোয়াড়দের জন্য তিনটি ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে—সর্বোচ্চ ৮০ হাজার, দ্বিতীয় ধাপে ৪০ হাজার এবং সর্বনিম্ন ১০ হাজার মার্কিন ডলার।
৮০ হাজার ডলার ভিত্তিমূল্যের তালিকায় বাংলাদেশের তাসকিন আহমেদ, নাহিদ রানা ও রিশাদ হোসেন রয়েছেন। তাসকিন গত আসরে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন। নাহিদ রানা ও রিশাদ হোসেনের জন্য এবারের আসর হতে পারে ILT20-তে অভিষেকের সুযোগ।
৪০ হাজার ডলার ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন সাকিব আল হাসান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম। এর আগে সাকিব এমআই এমিরেটসের হয়ে ILT20-তে খেলেছেন।
আর ১০ হাজার ডলার ভিত্তিমূল্যে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক ও তানজিম হাসান সাকিব।
ILT20-এর পঞ্চম আসর শুরু হবে আগামী ২১ নভেম্বর। টুর্নামেন্টের পর্দা নামবে ২০ ডিসেম্বর। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ও শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তবে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি এখনো প্রকাশ করা হয়নি।
নিলামটি বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ৩টায় দুবাইয়ের আইসিসি একাডেমি ইনডোরসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের নিলামে ২০০-এর বেশি ক্রিকেটারের নাম উঠবে।


































