পাকিস্তানের কাছে হারের দায় অনুশীলন ঘাটতিতে দিলেন লিটন

পাকিস্তানের কাছে হারের দায় অনুশীলন ঘাটতিতে দিলেন লিটন ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৩:৩৮, ১ অক্টোবর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর দলের প্রস্তুতির ঘাটতিকে বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজের সিদ্ধান্ত ও দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন তিনি।

নাগোয়ার টানা বৃষ্টির কারণে ক্রিকেট মাঠের উইকেট চার দিন ঢেকে রাখা হয়েছিল। উইকেটে ফাটল থাকায় দুই দলই একাধিক স্পিনার নিয়ে মাঠে নামে। এমন স্পিনবান্ধব কন্ডিশনে বাংলাদেশের হয়ে পেসার মুস্তাফিজুর রহমানকে মাত্র দুই ওভার করান লিটন।

প্রথম ওভারে ১৮ রান দেওয়ার পরও কেন মুস্তাফিজকে আবার বোলিংয়ে আনা হলো—এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, মুস্তাফিজ যদি তিন উইকেট পেতেন, তাহলে এই প্রশ্ন উঠত না। তার মতে, ওই মুহূর্তে দলের জন্য মুস্তাফিজই সেরা বোলিং অপশন ছিলেন।

মুস্তাফিজ দুই ওভারে ৪১ রান দিয়ে ম্যাচে বাংলাদেশের অবস্থান কঠিন করে দেন। দলের অভিজ্ঞ এই পেসারের পারফরম্যান্স প্রসঙ্গে লিটন বলেন, মুস্তাফিজ বহু বছর ধরে দলের সেরা বোলারদের একজন। তবে ক্রিকেটে সব দিন সমান যায় না এবং ওই দিনটি তার জন্য উপযোগী ছিল না।

ব্যাট হাতেও ব্যর্থ হন লিটন। মাত্র ৩ বলে ২ রান করে ফেরেন তিনি। নিজের ব্যাটিং নিয়ে অধিনায়ক বলেন, দীর্ঘদিন ম্যাচ ও অনুশীলনের বাইরে থাকার পর সরাসরি অসাধারণ ইনিংস খেলা সহজ নয়। টস হারার পর কঠিন উইকেটে ব্যাটিংয়ের চ্যালেঞ্জও ছিল বলে উল্লেখ করেন তিনি।

তবে লিটনের এই ব্যাখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ একই আবহাওয়া ও অনুশীলনের সীমাবদ্ধতার মধ্যেও পাকিস্তান নিজেদের ব্যাটিংয়ে তুলনামূলক সাবলীল ছিল। এর আগে বাংলাদেশ কোচও এমন পরিস্থিতির জন্য দল প্রস্তুত ছিল বলে জানিয়েছিলেন।

এশিয়ান গেমসে বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল ২০১০ সালে স্বর্ণপদক জিতেছিল। ২০১৪ সালে রৌপ্য এবং ২০২৩ সালে ব্রোঞ্জ পেয়েছিল দলটি। এবার পূর্ণ শক্তির দল নিয়ে অংশ নেওয়ায় প্রত্যাশাও ছিল বেশি। কিন্তু সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে এখন ব্রোঞ্জপদকের ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।

শেয়ার করুনঃ
Advertisement