চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে উৎপাদিত ৬০ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। রোববার (০৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ।
স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ী কালু শেখ জানান, শনিবার পাইকারি বাজারে পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ১১০ টাকা এবং খুচরা পর্যায়ে ১২০ টাকা। তবে আমদানির খবর বাজারে ছড়িয়ে পড়ার পর রোববার দাম কমে আসে। ওইদিন পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিপ্রতি ৮০ টাকায় এবং খুচরা বাজারে ১০০ টাকায়। তাঁর মতে, ভারত থেকে আরও পেঁয়াজ এলে বাজারদর আরও কমতে পারে।
সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, সন্ধ্যায় দুই ট্রাকে মোট ৬০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। সরকারের সীমিত আকারে আমদানি অনুমতি দেওয়ার পর এই বন্দর দিয়েই আনুষ্ঠানিকভাবে পেঁয়াজ আমদানি শুরু হলো। তিনি আরও জানান, আগামীকাল সোমবার আরও কিছু ট্রাক পেঁয়াজ নিয়ে দেশে ঢুকতে পারে।
উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ বলেন, এই স্থলবন্দর দিয়ে মোট ৩০ জন ব্যবসায়ীর নামে ৩০টি আইপি ইস্যু করা হয়েছে, যার আওতায় ৯০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত দুইজন আমদানিকারক ৬০ মেট্রিক টন পেঁয়াজ এনেছেন। উল্লেখযোগ্য হলো, সর্বশেষ চলতি বছরের ৯ সেপ্টেম্বর এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল।



































