এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’, বদলাবে না গ্রাহকের নম্বর-সেবা
Published : ১৩:৪৪, ১৭ আগস্ট ২০২৬
১৬ বছরের যাত্রা শেষে নতুন ব্র্যান্ড পরিচয়ে সামনে এসেছে মোবাইল অপারেটর এয়ারটেল। এখন থেকে বাংলাদেশে এয়ারটেলের নতুন ব্র্যান্ড নাম ‘সার্কেল’। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডটির উন্মোচন করে রবি আজিয়াটা পিএলসি।
রবি আজিয়াটা জানিয়েছে, ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের সঙ্গে অপারেটরের সম্পর্ক এবং বিদ্যমান সেবায় কোনো পরিবর্তন হবে না। এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’-এর গ্রাহক হিসেবে বিবেচিত হবেন।
গ্রাহকদের বিদ্যমান ০১৬ নম্বর, সিম, প্যাকেজ ও ব্যালান্স আগের মতোই চালু থাকবে। একইভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন এবং গ্রাহকের ব্যক্তিগত তথ্যেও কোনো পরিবর্তন আসবে না।
তরুণদের জন্য নতুন ডিজিটাল অভিজ্ঞতা
এয়ারটেলের তরুণ প্রজন্মকেন্দ্রিক ঐতিহ্যকে ধরে রেখেই ‘সার্কেল’ ব্র্যান্ডটি তৈরি করা হয়েছে। নতুন এই ব্র্যান্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ভবিষ্যৎমুখী প্রযুক্তির পাশাপাশি বিভিন্ন ডিজিটাল সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
রবি জানিয়েছে, আরও সাশ্রয়ী, আধুনিক ও ডিজিটালনির্ভর সেবা দেওয়াই ‘সার্কেল’-এর অন্যতম লক্ষ্য। বিনোদন, গেমিং, কনটেন্ট তৈরি এবং তরুণদের দৈনন্দিন ডিজিটাল কর্মকাণ্ডে নির্ভরযোগ্য সংযোগ ও উন্নত অভিজ্ঞতার ওপর গুরুত্ব দেবে ব্র্যান্ডটি।

‘সার্কেল’-এর ব্র্যান্ড প্রতিশ্রুতি নির্ধারণ করা হয়েছে—‘আসল সংযোগ, সবসময় সচল’। মানুষের গুরুত্বপূর্ণ ব্যক্তি, কমিউনিটি ও অভিজ্ঞতার সঙ্গে অর্থবহ সম্পর্ক তৈরিতে সহায়তা করাই নতুন ব্র্যান্ডটির অন্যতম লক্ষ্য।
রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। ‘সার্কেল’ সেই যাত্রারই পরবর্তী ধাপ।
তিনি বলেন, ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও মূল প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তন আসবে না। শুধু বেশি মানুষকে সংযুক্ত করার পাশাপাশি বিদ্যমান সংযোগগুলোকে আরও অর্থবহ করে তোলাই এখন গুরুত্বপূর্ণ।
নিরবচ্ছিন্ন থাকবে গ্রাহকসেবা
রবি জানিয়েছে, ব্র্যান্ড পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় গ্রাহকদের সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন থাকবে। এয়ারটেল গ্রাহকদের এ জন্য আলাদাভাবে কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না।
এমএফএস অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন এবং গ্রাহকের তথ্যও আগের মতোই নিরাপদ ও সচল থাকবে।
পরিবর্তিত ডিজিটাল বাস্তবতা ও মানুষের ক্রমবর্ধমান সংযুক্ত জীবনধারাকে বিবেচনায় নিয়েই ‘সার্কেল’ তৈরি করা হয়েছে বলে জানিয়েছে রবি। এয়ারটেলের তারুণ্যকেন্দ্রিক শক্তিকে ধরে রেখে নতুন ব্র্যান্ডটি উন্নত ডিজিটাল সক্ষমতা ও ভবিষ্যৎমুখী সেবা নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।



































