স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৬৫৯০ টাকা

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৬৫৯০ টাকা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০১, ৮ এপ্রিল ২০২৬

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।
 

বুধবার (৮ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এই তথ্য জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় নতুন করে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।
এর আগে গত ৬ এপ্রিল সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার দাম বাড়ানো হয়েছে এবং ২২ বার কমানো হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। এবার প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৮৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৫৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে রুপার দাম ৩২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৮ বার দাম বেড়েছে এবং ১৪ বার কমেছে। গত ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।
 

শেয়ার করুনঃ
Advertisement