সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী

সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৩:৫৮, ২১ এপ্রিল ২০২৬

 দেশের সরকারি খাদ্যগুদামে বর্তমানে ১৭ লাখ ৭১ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী। সংসদে টাঙ্গাইল-৭ আসনের সরকারি দলের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, ১৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত সরকারি গুদামে মজুদ থাকা খাদ্যশস্যের মধ্যে চাল রয়েছে ১৪ লাখ ৬৪ হাজার মেট্রিক টন এবং গম রয়েছে ৩ লাখ ৭ হাজার মেট্রিক টন।

তিনি জানান, সরকারি খাদ্যগুদামে বর্তমান খাদ্যশস্যের মজুত সন্তোষজনক। খাদ্য মজুত আরও বাড়াতে সরকার জি-টু-জি পদ্ধতি ও উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশ থেকে চাল ও গম আমদানি করছে। পাশাপাশি অভ্যন্তরীণভাবে বোরো ও আমন মৌসুমে খাদ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তিবদ্ধ রাইস মিল এবং কৃষি সহায়ক কার্ডধারী প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান ও গম সংগ্রহ করা হচ্ছে।

মন্ত্রী জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫ লাখ মেট্রিক টন এবং জি-টু-জি পদ্ধতিতে ১ লাখ মেট্রিক টন—মোট ৬ লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৩ লাখ ৫৭ হাজার মেট্রিক টন চাল দেশে এসেছে এবং অবশিষ্ট ২ লাখ ৪৩ হাজার মেট্রিক টন চাল আসার অপেক্ষায় রয়েছে।

অন্যদিকে একই অর্থবছরে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন এবং জি-টু-জি পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ৬ লাখ ৬০ হাজার মেট্রিক টন—মোট ৭ লাখ ১০ হাজার মেট্রিক টন গম আমদানির চুক্তি করা হয়েছে। এর মধ্যে ৭ লাখ ৩ হাজার মেট্রিক টন গম ইতোমধ্যে দেশে পৌঁছেছে। অবশিষ্ট প্রায় ৬০ হাজার মেট্রিক টন গম বহনকারী একটি জাহাজ আগামী ২৪ এপ্রিলের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

তিনি আরও জানান, আসন্ন অভ্যন্তরীণ বোরো সংগ্রহ মৌসুমে (মে-আগস্ট) ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ১ লাখ মেট্রিক টন আতপ চাল এবং ৫ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের প্রস্তাব করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সভায় অনুমোদনের পর এ লক্ষ্যমাত্রা অনুযায়ী সংগ্রহ কার্যক্রম শুরু হবে।

খাদ্যমন্ত্রী বলেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরেও দেশের প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক উৎস ও অভ্যন্তরীণ বাজার থেকে চাল ও গম সংগ্রহ অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ
Advertisement